সুধী,
গত বছরটা ছিল অনিশ্চয়তার বছর৷ অর্থনৈতিক মন্দার কালো থাবা যেন সর্বগ্রাসী অসুরের
রূপ ধারণ করেছিল৷ আমরা সবাই কমবেশি সেই অসুরের রোষ অনুভব করেছি৷ কিন্তু ঝড় তো কখনো
স্থায়ী হয় না৷ মেঘের আড়াল থেকে সূর্য ঠিকই বেরিয়ে আসে৷
জার্মানিও ঘুরে দাঁড়িয়েছে৷ যদিও সবাই এখনো তার সুফল দেখতে পাচ্ছে না৷ আসলে আমরা
বোধহয় আজকাল সহজে সন্তুষ্ট হতে পারি না৷ একটা সময় ছিল, যখন বিভক্ত জার্মানির
চারিদিকে চরম উত্তেজনা৷ হাজার-হাজার ক্ষেপণাস্ত্র একে অপরের দিকে তাক করে রয়েছে৷
বোতাম টিপলেই যুদ্ধ৷ অথচ জার্মানির পুনরেকত্রীকরণের ২০ বছর পর আজ সীমান্তই টের
পাওয়া যায় না! হুশ করে গাড়ি-ট্রেন-বাসে চেপে চলে যাওয়া যায় ব্রাসেলস, প্রাগ বা
ওয়ারশ৷
আমরা ভালই আছি৷ পাকিস্তানের ভয়াবহ বন্যা, চীনের ভূমিধস বা রাশিয়ার মারাত্মক
দাবানলের মতো বিপর্যয় থেকে দূরে আমরা৷ মানুষের ভুলে লাভ-প্যারেডে অনেক তরুণ-তরুণীর
অকাল মৃত্যু অবশ্যই আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে৷ তবে মোটের উপর আমরা ভালই
আছি৷
তাই মা দুর্গার কাছে এবার শুধু একটাই চাহিদা – আমাদের ভালো রাখো৷ জাতি-বর্ণ-ধর্ম
নির্বিশেষে সবাইকে ভালো রাখো৷ জার্মানির সবচেয়ে বড় দূর্গাপূজার এই মিলন মেলায়
আসুন, আমরা সবাই মিলে আবার উৎসবে মেতে উঠি৷ প্রতি বছরের মত এবারেও সপরিবারে
সবান্ধবে চলে আসুন কোলোন-কোরভাইলারের দুর্গাপূজা উৎসবে৷
বিনীত,
ভারত সমিতি